ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার দায়িত্বের মেয়াদ আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তার মেয়াদ শেষ হলে ১৪ সেপ্টেম্বর স্থলাভিষিক্ত হবেন শফিকুল ইসলাম।
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি এর আগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ছিলেন।
মোহাম্মদ শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্ড বিল দোয়ারপাড়া গ্রামে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. শওকত আলী ও মায়ের নাম বেগম সুফিয়া খাতুন। তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে এন্টি টেররিজম ইউনিটে যোগদান করেন। ২০১৮ সালের ২০ নভেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং সর্বশেষ তিনি গত ১৬ মে থেকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পরপর দুইবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পদক লাভ করেন। শফিকুল ইসলাম ৮ম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।