অনুরোধ করার পরও ব্যবসায়ীরা চামড়ার নির্ধারিত দর মানেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। তিনি বলেন, ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চামড়ার মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। তাই কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে সফর করেন। গতকাল বুধবার সচিবালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবেই এবার কোরবানি পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। চামড়া নিয়ে এবার আমার শিক্ষা হয়েছে। তিনি বলেন, এই অভিজ্ঞতা বিবেচনায় রেখে একটি পরিকল্পনা নিতে যাচ্ছি। যে পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে কাঁচা চামড়া সংগ্রহে বড়ো ধরনের কোনো সংকট তৈরি হবে না।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত, বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ভারতের বিভিন্ন স্থানে বন্যার কারণে সেখানে পিঁয়াজের দাম বেড়েছে। ১২ টাকা কেজির পিঁয়াজ হয়েছে ২৫ টাকা। সেই প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। তবে কঠোরভাবে বাজারে মনিটরিং করা হচ্ছে। পিঁয়াজের দাম কমে আসবে।