বাংলাদেশ খুব শিগগিরই মধ্যম আয়ের দেশে পৌঁছাবে :রীভা গাঙ্গুলি

যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা হয়েছে। সফটওয়্যার পার্কে বিনিয়োগকারী আইটি-আইটিইএস কোম্পানিসমূহের উত্পাদিত উদ্ভাবনী সেবাসমূহ ব্র্যান্ডিং এবং এ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করার লক্ষ্যে গতকাল বুধবার এ কর্মশালার আয়োজন করা হয়। টেকনোলজি পার্কের অডিটরিয়ামে এ কর্মশালায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, ‘ভিশন-২০২১ এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের জ্ঞানভিত্তিক বিশ্বমানের নাগরিক তৈরি হতে হবে। চাহিদাভিত্তিক মানবসম্পদ তৈরির জন্য কাজ করতে হবে। এ জন্য চাকরিগ্রহিতা নয়— চাকরিদাতা হতে হবে। আমাদের দুই দেশের মধ্যেকার সম্পর্ক এখন সোনালী অধ্যায়ে পৌঁছেছে। দুই দেশের ৯০টি চুক্তি রয়েছে। বাংলদেশের জিডিপি ৮ ভাগে উন্নীত হয়েছে। খুব শিগগিরই দেশটি মধ্যম আয়ের দেশে পৌঁছাবে। এ দেশের জনগণের পাশাপাশি আমরাও উন্নয়নশীল দেশের অংশীদার।’ ভারতের আইটি সেক্টরে ৭ থেকে ৯ ভাগ হারে গ্রোথ হচ্ছে। বাংলাদেশও একই সুবিধা পেতে পেরে। কারণ বাংলাদেশে মেধাবি মানুষ রয়েছে। সরকারও তাদের সহযোগিতা করছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মশালার প্রধান আলোচক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের রিসোর্স পারসন সৌম্য বসু। এ ছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ টিনা জাবিন। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।