শরণখোলায় বুধবার আওয়ামী লীগ নেতা মাহারাজ হাওলাদারকে (৪৮) রড দিয়ে পিটিয়ে এবং হাতুড়ি পেটা করে গুরুতর আহত করা হয়েছে। তাকে আশঙ্কজনক অবস্থায় প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে ধানসাগর ইউনিয়নের বাধাল এলাকা থেকে বাড়ি ফেরার পথে খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহারাজ হাওলাদারের উপর হামলা করে একই এলাকার ফারুক খান, খোকন খান ও রোকন খানের নেতৃত্বে ১১/১২ জন যুবক। তারা রড দিয়ে পিটিয়ে ও হাতুড়ি পেটা করে তার দুপা ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোকজন মহারাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সংশ্লিষ্ট খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীরা এলাকায় সন্ত্রাসী ও মামলাবাজ হিসেবে পরিচিত। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
আরো পড়ুন: হাজিদের সঙ্গে প্রতারণা মক্কা-মদিনাতেও
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি