আগামী তিন বছরের জন্য বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার চাকরির মেয়াদ শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। আর মন্ত্রিপরিষদ সচিবের চুক্তির মেয়াদ শেষ হবে ১৩ অক্টোবর। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা জানান। এ নিয়োগ প্রক্রিয়া প্রধানমন্ত্রীর কর্তৃত্বাধীন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পন্ন করে থাকে। বৈঠকের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। সেপ্টেম্বরে শফিউল আলম বিশ্বব্যাংকে যোগদান করতে পারেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালের বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের পদেও ছিলেন আনোয়ারুল ইসলাম। খন্দকার আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস পাস করেন। তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল।