সড়কে ঝরল পাঁচ প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। সংবাদদাতাদের পাঠানো খবর—

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় রড বোঝাই ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা অপর তিন আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আবেদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং ফুলবাড়ী ঈশান এগ্রো ফুড লিমিটেডের কর্মচারী আশিক (২৮)।

নগরকান্দা (ফরিদপুর) : নগরকান্দায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় আলিফ মোল্যা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। আলিফ ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের খায়রুজ্জামান টিটো মোল্যার ছেলে। এদিকে, ফরিদপুর—মুকসুদপুর আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের সঙ্গে ধাক্কা লেগে মাহেন্দ্রের যাত্রী রিজাউল মোল্যা (৩৫) ঘটনাস্থলে মারা যান। রিজাউল উপজেলার আটকাহনিয়া গ্রামের গিয়াস উদ্দিন মোল্যার ঝেলে বলে জানাগেছে।