কুমিল্লায় সুইসাইড নোট রেখে আহম্মদ উল্লাহ নামের এক কলেজছাত্র আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সে জেলার বুড়িচং উপজেলার পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের দ্বাদশ বিজ্ঞান শ্রেণির ছাত্র ছিল।
বুধবার দুপুরে ওই উপজেলার আবিদপুর গ্রামে মামার বাড়িতে বাথরুমে গলায় গামছা লাগিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে আহম্মদ উল্লাহ একই কলেজের বিজ্ঞান বিভাগের এক শিক্ষককে ‘দায়ী’ করে সুইসাইড নোট রেখে যায়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার
পুলিশ ও ওই ছাত্রের স্বজনরা জানায়, জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মৃত সেকান্দর আলীর ছেলে বুড়িচং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আহম্মদ উল্লাহ দূরত্বের কারণে কিছুদিন ধরে তার মামা আবুল হোসেনের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামে বসবাস করে আসছিল। বুধবার সকাল ৮টায় গোসল করতে গিয়ে আহম্মদ উল্লাহ বাথরুমের ভেন্টিলেটরের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। দীর্ঘ সময় সে বের হয়ে না আসায় ভেন্টিলেটর দিয়ে লাশ ঝুলে থাকতে দেখে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। পরে কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার অধীন দেবপুর ফাঁড়ির এসআই কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় লুঙ্গিতে পেঁচানো অবস্থায় থাকা একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক সরণ স্যার দায়ী।’ বিষয়টি তদন্ত করে দেখা হবে।
তবে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও কলেজ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/এমআরএম