হোটেল ইন্টারকন্টিনেন্টালের পুনঃসংস্কার কাজের সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত, এতে কত টাকা ব্যয় হয়েছে এবং কোন প্রক্রিয়ায় টেন্ডার দেওয়া হয়েছে—সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য—বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।
ঢাকাও ‘সিটি অব ট্যুরিজম’ হিসেবে বিবেচিত হওয়ায় ঢাকা শহরের সমস্ত পর্যটন কেন্দ্রগুলোকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক একটি বিস্তৃত কর্ম পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়েছে বৈঠকে। পর্যটনকে আরো শক্তিশালী ও আকর্ষণীয় করতে প্রত্নতত্ত্ব বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণেরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে জানানো হয়, পায়রা গভীর সমুদ্র বন্দর এলাকায় এক্সক্লুসিভ ইকোট্যুরিজম জোন করার জন্য পর্যটন করপোরেশনের অনুকূলে জমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সুন্দরবন পেরিফেরিতে পর্যটন জোন স্থাপনের জন্য বুয়েট কর্তৃক পর্যটন সম্ভাব্যতাও যাচাই করা হচ্ছে।
সাড়ে ৩ লাখ দক্ষ শ্রমিক নেবে জাপান
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পাঁচ বছরে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে প্রায় সাড়ে ৩ লাখ দক্ষ শ্রমিকের বিনাখরচে জাপানে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কমিটিকে এতথ্য জানিয়ে বৈঠকে বলেছেন, বিএমইটি জাপানে যেতে ইচ্ছুক কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে। কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ ও ইকবাল হোসেন অংশ নেন।
৫১টি তাঁতশিল্পের অনুকূলে ৪১১ কোটি টাকার আমদানির সুপারিশ: এদিকে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, এবছরের জুন পর্যন্ত বাংলাদেশ তাঁত বোর্ডে নিবন্ধিত প্রাথমিক তাঁতি সমিতি ১৩৪০টি। এরমধ্যে ৫১টি প্রাথমিক তাঁতশিল্পের অনুকূলে ৪১১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩০০ টাকার আমদানি সুপারিশ প্রদান করা হয়েছে।