রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার নতুন প্রস্তাব দিয়েছে চীন। কূটনৈতিক সূত্র জানিয়েছে ‘নোট ভারবাল’ এর মাধ্যমে গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বিবেচনার জন্য ঐ প্রস্তাব পাঠিয়েছে বেইজিং। মধ্যস্থতার অংশ হিসেবে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করতে চায় চীন। বাংলাদেশ আগ্রহী থাকলে চীন ত্রিপক্ষীয় ঐ বৈঠক আয়োজনের চেষ্টা করবে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আলোচনা করতে পারেন বলে জানা গেছে। সূত্র জানায়, দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার পর চীন এ উদ্যোগ নিয়েছে।