আগামী বছর ৪ থেকে ১৪ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ। এটি একইসঙ্গে জুনিয়র ওয়ার্ল্ড কাপ বাছাইও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক এ টুর্নামেন্টটি বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হবে। টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক হলেও এটি এখন পর্যন্ত প্রস্তাব আকারে আছে।
এদিকে আগামী বছরের ১৫ থেকে ২৫ অক্টোবর ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এর টাইটেল স্পন্সর থাকবে হিরো মটোকর্প।
জুনিয়র এশিয়া কাপ ঘিরে এরই মধ্যে অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি শুরু হয়েছে। এই দলটিকে সেপ্টেম্বরে ভারতের চারটি রাজ্যে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য পাঠানো হবে। এরপর এই দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে ওমান ও পাকিস্তানের যুব হকি দল।
হকি ফেডারেশনের কর্মকর্তারা জানান,এছাড়াও পুরুষ ও নারী দলের প্রশিক্ষণের জন্য হাইপ্রোফাইল কোচের ব্যাপারে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। এশিয়ান হকি ফেডারেশনের কাছে পাঁচটি টার্ফের জন্যও আবেদন করা হয়েছে। হকি উন্নয়নে সরকারের কাছে ৮০ কোটি চেয়েছে ফেডারেশন।