ইদলিব নিয়ে ট্রাম্পের সঙ্গে এরদোগানের সমঝোতা

নতুন মানবিক সংকট এড়াতে সিরিয়ার ইদলিব নিয়ে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মত হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান। আঙ্কারা এ খবর নিশ্চিত করেছে।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়, বুধবার রাতে টেলিফোনে কথা বলার সময় ঐ দুই নেতা সরকারি হামলা অব্যাহত থাকা সিরিয়ার ইদলিবে বেসামরিক নাগরিকদের রক্ষা এবং নতুন মানবিক সংকট মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার এরদোগান বলেছিলেন, ইদলিবের পরিস্থিতি তাদের দেশের সৈন্যদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে জরুরি পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রাশিয়ার সঙ্গে করা তাদের চুক্তির আওতায় তুরস্ক ইদলিবে ১২টি সামরিক পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বুধবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনী ও তাদের মিত্র দেশ রাশিয়ার বিমান হামলায় ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে সাত শিশু রয়েছে। এদিকে তুরস্কের সীমান্তবর্তী জিহাদি নিয়ন্ত্রিত অঞ্চল ইদলিবে দামেস্ক সামরিক অভিযান জোরদার করেছে। প্রচণ্ড বিমান হামলার কয়েক মাস পর রাশিয়া সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ইদলিবে ব্যাপক অভিযান শুরু করেছে। ইদলিব হচ্ছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রদেশ।

পর্যবেক্ষণ সংস্থার এক সদস্য জানিয়েছেন, বুধবার শির মঘার এলাকায় তুরস্কের একটি সামরিক ফাঁড়ির অদূরে বিমান হামলা চালানো হয়েছে। এ সীমান্ত বরাবর মোতায়েন করা সৈন্যদের রক্ষায় আঙ্কারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করার পর সেখানে এ বিমান হামলা চালানো হলো।