পারস্যের মহাকবি শেখ সাদি। ভুবনবিখ্যাত এই মনীষীর জীবন ও কর্মের কিছু অংশ নিয়ে নাটকের দল চন্দ্রকলা থিয়েটার মঞ্চায়ন করেছে ইতিহাসভিত্তিক নাটক ‘শেখ সাদী’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটক। এটি ছিল দলটির ১৮তম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন।
অপূর্ব কুমার কুন্ডুর রচনায় নাটকটির নির্দেশনা ও নাম ভূমিকায় একক অভিনয় করেছেন এইচ আর অনিক।
এক ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে এগিয়েছে নাটকটির কাহিনি। পোশাকের পকেটে খাবার ঢোকানোর বহুল প্রচলিত কাহিনির পাশাপাশি পারস্যের কবি রুদকি, ফেরদৌসি, জালাল উদ্দীন রুমি, ওমর খৈয়ামসহ পূর্বসূরি ও সমসাময়িক সাহিত্যিকদের সমান্তরাল পথচলা, যাপিত জীবনকে তুলে ধরা এবং নিজ সাহিত্য সৃজনের প্রেক্ষাপটকে মনোজগতে ফিরে দেখার ও অপেক্ষার অবসানে শেখ সাদির আত্মোপলব্ধির নাটক ‘শেখ সাদী’।
‘শেখ সাদী’র প্রযোজনা সহযোগী হিসেবে রয়েছে ঢাকায় অবস্থিত ইরানিয়ান কালচারাল সেন্টার।
অন্যদিকে শিল্পকলায় হয়ে গেল লোকসংগীতের আসর। গতকাল একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ফাহিম শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয় এই লোকগানের আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গীতিকবি হামিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন লোকসংগীতশিল্পী আকরামুল ইসলাম ও আখতার আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হেমায়েত। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নাসরিন ফেরদৌস চমন, আসলাম মিয়া, তাবাসসুম রিয়া, রেজিয়া সেলিম কাজল, স্মৃতি ভৌমিক, হাবিবুর রহমান, নাসরিন আখতার, মো. নাফিয়ান, তামান্না নিগার তুলি, মো. জহিরুল হক চৌধুরী, শিরীন খন্দকার, শেখ ফাহিম, রাজা হাসান, নূপুর, শামসুজ্জামান হীরু, সোহানা, মো. হারুন অর রশিদ, আরজুমান্দ আরা বকুল, মো. এরশাদ, উষা, এ কে আজাদ, নাজমা, লিমা, শিশির অধিকারী, শামসুল হুদা ও শেখ হেমায়েত।