ফুলবাড়ীতে নির্মাণের তিন মাসেই ভেঙে পড়েছে ব্রিজ

ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামের বাঘখাওয়ার চরে নির্মাণের তিন মাসেই সেতুটি ভেঙে পড়েছে। ফলে চরম ভোগান্তির শিকার শত শত পরিবার। সরেজমিনে দেখা গেছে, পবিত্র ঈদুল আজহার একদিন পূর্বে দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরামে আবাসনগামী খালের ওপর নির্মিত দুর্যোগ ও ত্রাণ বিভাগের ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটি ভেঙে পড়েছে। সেতুটির উইং ওয়াল মূল অংশ থেকে সরে যাওয়ায় ছাদ ভেঙে গিয়ে ধসে পড়েছে। ফলে ডেবেও গেছে। ধসে পড়া অংশ থেকে সরু রড বেরিয়ে এসেছে। বর্তমানে সেতু দিয়ে কোনো যানবাহন বা মানুষ চলাচল করতে পারে না। এছাড়া সংযোগ সড়কের দুই পাশে মাটি দেওয়াও নেই। স্থানীয়ভাবে বাঁশের তৈরি খারাল থাকলেও তা চলাচল উপযোগী নয়। যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সেলিম, আব্দুর রহমান, আব্দুর রশিদ, শহর আলী, সেফাত আলী, দেলবর, জয়নাল, শাহালম, এনামুল, মমিনুলসহ আরো অনেকে জানান, সেতুটি স্রোতহীন খালের ওপর নির্মিত। কিভাবে ডেবে যায় ও ধসে পড়ে? সেতুটির কাজ যেনতেনভাবেই শেষ করা হয়েছে। পূর্ব ধনীরাম আবাসনের ৯০টি পরিবারসহ বাঘখাওয়ার চরের প্রায় ৫০০ পরিবারের যাতায়াতের একমাত্র পথ এটি। ব্রিজটি ভেঙে পড়ায় এখানকার মানুষগুলো পড়েছে জনদুর্ভোগে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, সেতুটি নির্মাণ প্রাক্কলন অনুযায়ী হয়নি। ফলে ধসে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, সম্প্রতি বন্যায় সেতুটির নীচ থেকে মাটি সরে যাওয়ায় ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আরেফিন জানান, ব্রীজটি বন্যা নাকি নিম্নমানের কাজের কারণে ভেঙে পড়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট দিলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।