ছলিমবাজার-সুনছড়া সড়কের সেতু

ঢালাই ভেঙে মরণফাঁদ

কমলগঞ্জ উপজেলার ছলিমবাজার-সুনছড়া সড়কের একটি সেতুর ঢালাই ভেঙে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন উপজেলার আলীনগর ইউনিয়নের সাত গ্রামের লোকজন।

সরেজমিনে দেখা যায়, আলীনগর ইউনিয়নের যোগিবিল, চিিলয়া, জাঙ্গালিয়া, সুনছড়াসহ সাত গ্রামের হাজার হাজার মানুষ, স্কুল-কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের সড়কটি পাকা বা ইট সলিং করা হয়নি। ছলিমবাজার-সুনছড়া সড়কের চেরারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার পাকা কালভার্টের ওপরাংশের ঢালাই ভেঙে পড়ছে। গত তিন বছরে রাস্তার ঝুঁকিপূর্ণ কালভার্টের ওপরাংশের ঢালাই অল্প অল্প করে ভেঙে বড়ো আকার ধারণ করেছে। বর্তমানে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না বলে এলাকাবাসী অভিযোগ করেন। 

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক রাস্তা ও ভাঙা কালভার্টের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা এলজিইডি বিভাগকে অবহিত করে উন্নয়ন কাজ করার তাগাদা দেয়া হয়েছে। সড়কের উন্নয়নের টেন্ডার হয়েছে। কাজ শুরু হলে উপজেলা এলজিইডি বিভাগ ভাঙা সেতুটিও মেরামত করে দিবে বলে তিনি জানান। কমলগঞ্জ উপজেলা এলজিইডি বিভাগের সহকারী প্রকৌশলী মো. মামুন ভূঁইয়া বলেন, রাস্তার টেন্ডার হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। আর যখন রাস্তার কাজ শুরু হবে তখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ভাঙা সেতুটিও মেরামত করা হবে।