সিলেটের বিশ্বনাথে ‘বাসিয়া’ দখল ও দূষণমুক্ত করতে কার্যকরী প্রতিকার চেয়ে সরকারের ১৫ দপ্তরকে ‘নোটিস অব ডিমান্ড ফর জাস্টিস’-শিরোনামে লিগ্যাল নোটিস দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গত মঙ্গলবার বেলার পক্ষে অ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর এ নোটিসটি পাঠান। নোটিশ প্রেরণের সাত দিনের মধ্যে তাদের গৃহীত পদক্ষেপের বিষয়গুলো অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। ভূমি সচিব, পরিবেশ ও বন সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব, পানিসম্পদ মন্ত্রণালয় সচিব, জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান, সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পুলিশ সুপার, বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশ্বনাথের সহকারী কমিশনার (ভূমি) ও বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে এ নোটিস দেওয়া হয়েছে।