ঝিনাইদহ জেলায় গো বসন্ত রোগ নতুন করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর নতুন এ ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন দিতে পারছে না।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, এটি একটি ভাইরাসবাহিত রোগ। এ রোগের ভ্যাকসিন এখনো পাওয়া যায়নি। লক্ষণ দেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। ঘায়ের জন্য অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টমিন ও ব্যথানাশক ওষুধ দেওয়া হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক ডা. মাসুদ আহমেদ খান বলেন, শুধু ঝিনাইদহ জেলায় নয়, এ বিভাগের ১০ জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে। তবে গো-বসন্ত কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাম্পি স্কিন ডিজিজও হতে পারে বলে জানান তিনি। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা এসেছেন। গ্রাম ঘুরে আক্রান্ত গরুর দেহ থেকে নমুনা সংগ্রহ করছেন। তারা বিশ্ববিদ্যালয়ে ফিরে ল্যাবে পরীক্ষার পর জানা যাবে রোগটা কী।