১৯৭৫ সালের ১৫ আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আপনি ১৫ আগস্টের বিষয়ে এইচ টি ইমামকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলেই হত্যাকাণ্ডের সব উত্তর পেয়ে যাবেন। ১৫ আগস্টের মর্মস্পর্শী ঘটনার পর আওয়ামী লীগের লোকজন সরকার গঠন করল কীভাবে?
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ’৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। ২১ আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধুর কন্যাকেও নিশ্চিহ্ন করতে প্রকাশ্যে গ্রেনেড হামলা করা হয়েছিল। এখনো ওদের ষড়যন্ত্র চলছে। এখনো বাতাসে চক্রান্তের গন্ধ আসছে।’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী এই মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। সত্যকে ঢেকে দিয়ে মিথ্যা প্রতিষ্ঠিত করতে তারা মিথ্যাচার করে আসছে। যারা সেদিন (১৫ আগস্ট) লাশ ডিঙিয়ে মোশতাক সরকারের স্পিকার থেকে শুরু করে মন্ত্রী-এমপি ছিলেন তাদের অনেকেই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বড়ো বড়ো পদে অধিষ্ঠিত এবং তারা এমপি হলেন কীভাবে? তত্কালীন সেনাপ্রধানের কোনো দায় নেই, অথচ জিয়াউর রহমানের নাম কেন টেনে আনেন তা আমরা জানি। সেটি হলো—জিয়াউর রহমানের জনপ্রিয়তা, যা নানা কুত্সা রটানোর পরেও আজও বিন্দুমাত্র মলিন হয়নি। বাকশালের মৃত্যুকূপ থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই শহিদ জিয়ার বিরুদ্ধে তুষের আগুনের মতো জ্বলতে থাকে আওয়ামী নেতাদের প্রতিহিংসা।