প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই চোখের চিকিত্সা নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকিট কেটে চিকিত্সাসেবা গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী চিকিত্সাসেবা গ্রহণকালে হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। চিকিত্সক ও নার্সদের সেবায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে একইভাবে চিকিত্সাসেবা গ্রহণ করেছিলেন। গত ১৯ এপ্রিল শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখান শেখ হাসিনা। এছাড়া ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকার নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।