গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়। তাই আমাদের সবার উচিত যত বেশি সম্ভব গাছ লাগানো। এছাড়া পরিবেশ রক্ষার জন্যও গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বনভূমির পরিমাণ কম। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।
মেয়র বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষ ও ফল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ঢাকা বনবিভাগ ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।