পদ্মায় প্রবল স্রোত ও নাব্য সংকটে ব্যাহত হচ্ছে শিমুুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটের ফেরি চলাচল। সীমিত আকারে ফেরি দিয়ে কোনোমতে সার্ভিস সচল রাখা হয়েছে। কখনো কখনো রাতে পুরোপুরিই ফেরি চলাচল বন্ধ থাকছে। সপ্তাহখানেক যাবত্ মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়াঘাটে কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এদের অধিকাংশই পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নাব্য সংকটের কারণে মাস খানেক ধরে পুরাতন চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প চ্যানেল দিয়ে চলছে ফেরি। বিকল্প চ্যানেলটি সরু হওয়ায় এবং সাত দিন যাবত্ সে পথে পলি জমে নাব্য সংকট দেখা দেওয়ায় এবং এর সঙ্গে স্রোত বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। তিনি আরো জানান, ঝুঁকি এড়াতে ফেরিতে কম সংখ্যক গাড়ি লোড নিয়ে চলছে ফেরি। আর রাতে পুরোপুরি বন্ধ থাকে রো-রো ও টানা ফেরি। ফলে প্রতি রাতে চার-পাঁচটি ফেরি দিয়ে সার্ভিস চালু রাখার কারণে ঘাটে জমে আছে গাড়িগুলো। কখনো কখনো রাতে ফেরি চালানো বন্ধই থাকে। তবে যাত্রীবাহী ও পচনশীল মালবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয় বলে জানান তিনি।