নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত ওহিদুর জামান। গতকাল বৃহস্পতিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, ওহিদুর জামান হত্যাকাণ্ডের বিস্তারিত আদালতকে জানিয়েছে।
গ্রেফতারকৃত ওহিদুর জামান খুলনা নড়াইল কালিয়া কলাবাড়ী এলাকার আব্দুর রাজ্জাক টুকু শেখের ছেলে। তাকে বুধবার মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত লুঙ্গি ও কোকের বোতল উদ্ধার করে পুলিশ। এছাড়াও ঘটনার পর দিন একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়। গত ২২ আগস্ট পাওনা টাকা ফেরত চাওয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ইমাম দিদারুল।
আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে গ্রেফতারকৃত আসামি ওহিদুর জামান জানায়, হত্যার উদ্দেশ্যে চাপাতি কিনেছেন মাদারীপুর থেকে। সোনারগাঁওয়ের মোগরাপাড়া থেকে কিনেছিলেন ঘুমের ওষুধ। কিন্তু সময় সুযোগের অভাবে এগুলো ব্যাগের ভেতর নিয়েই ঘুরে বেড়িয়েছেন দুই দিন। এরপর সুযোগ বুঝে রাত ২টায় ৩ কোপ দিয়ে হত্যা করেছি ইমামকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঘটনার ছয় দিন পর ওহিদুর জামানকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে। ১৬৪ ধারায় আসামি তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ঘাতক ওহিদুর দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।