কিশোরগঞ্জে হত্যা মামলার ৮৮ আসামি কারাগারে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভরা গ্রামের শাহজাহান মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৮৮ জন আসামিকে গতকাল বুুধবার কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ চার জন আসামিকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠায় এবং বাকি ৮৪ জন আসামি আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে কিশোরগঞ্জের ৪ নম্বর জিআর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো. শহিদুল ইসলাম চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে সব আসামিকেই জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ আগস্ট সকালে একটি রাস্তাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ভরা গ্রামের শাহজাহান মিয়া নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাতিজা কাউসার মিয়া বাদী হয়ে ১০১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে পুলিশ জুনায়েদ মিয়া নামের এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।