অন্তঃসত্ত্বা স্তীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

রাজধানীর বাড্ডায় চারমাসের অন্তঃসত্বা শারমীন সুলতানা হিয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী সাইদুর রহমান মিল্টনকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে বিচারিক আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক খাদেম উল কায়েস মামলার রায় ঘোষণা করেন।

আসামিকে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় এজলাসে হাজির থাকা দন্ডিত আসামিকে মৃত্যু পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে দন্ড দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, বিচার চলাকালে চার্জশিটভুক্ত ২৫ জনের মধ্যে ১২ জন সাক্ষি দিয়েছেন।  ২০০৬ সালের পহেলা মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

আগের বছর ১৮ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম আসামির বিরুদ্ধে চার্জশিট দেন।