সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা দুটি বাসে ধাক্কা দিয়েছে। এতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিকের নাম জাহাঙ্গীর (৩৫) ও জলিল (৩০)। তাদের দুই জনের বাড়ি পাবনা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, গতকাল ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের একটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে পৌঁছলে বিকল হয়ে যায়। পরে আহাদ পরিবহনের অপর একটি বাস বিকল হওয়া বাসটিকে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় বাসের স্টাফ জাহাঙ্গীর ও জলিলসহ আরো দুই ব্যক্তি বাসের পেছনে ছিলেন। একপর্যায়ে পিছন থেকে আসা এস আর প্লাস পরিবহনের অপর একটি দূরপাল্লার এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের স্টাফ জাহাঙ্গীর ও জলিল দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত আরো দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর ইসলাম জানান, এস আর প্লাস পরিবহনের বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।