পুঠিয়ায় এসএসসির ভুয়া সনদ প্রস্তুতের সময় ১ জন আটক

রাজশাহীর পুঠিয়ায় ভাই ভাই কম্পিউটার অ্যান্ড ফটোকপির দোকানে ভুয়া এসএসসির সনদ প্রস্তুতের সময় জুয়েল রানা(৩০)  নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরে দোকানটিতে তল্লাশি চালিয়ে কয়েকটি ভুয়া শিক্ষা সনদ, জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জুয়েল রানাকে ৫ হাজার টাকা জরিমানা করে ব্যবহৃত কম্পিউটারটি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুঠিয়ার ইউএনও মো. ওলিউজ্জামান উপজেলা পরিষদ মার্কেটে অবস্থিত ফটোকপির দোকানটিতে এ অভিযান পরিচালনা করেন। জড়িত জুয়েল রানা উপজেলার পৌর এলাকার কৃঞ্চপুর মহল্লার বাসিন্দা মমিনের ছেলে। তিনি ওই দোকানের কম্পিউটার অপারেটরের কাজ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে উপজেলা সদরে অবস্থিত কম্পিউটারের দোকানে জুয়েল রানা একজন নারীর জন্য এসএসসির একটি ভুয়া সার্টিফিকেট প্রস্তুত করছিলেন। এসময় তাকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে দোকান ঘর ও কম্পিউটার তল্লাশি করে আরও কয়েকটি ভুয়া শিক্ষাসনদ, জন্ম সনদ ও ভোটার আইডি কার্ড তৈরির আলামত পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে জুয়েল রানা স্বীকার করেছে, একজনের যে কোন সার্টিফিকেট স্ক্যান করে সেটি কম্পিউটারের মাধ্যমে এডিট করে হুবহু আরেকজনের নামে নকল সার্টিফিকেট বানিয়ে বিক্রি করে আসছিলেন তারা। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ প্রায় সকল শিক্ষা বোর্ডের সার্টিফিকেট প্রস্তুত করা হতো। কম্পিউটারে প্রিন্ট দেয়া এসব ভুয়া সার্টিফিকেট কিনে নিয়ে অনেকে এগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করেন। ওই নারীও কোথাও চাকরি করার লক্ষে এসএসসির ভুয়া সনদপত্র কিনতে এসেছিলেন। তবে কম্পিউটার অপারেটরের ৫ হাজার টাকা অর্থদণ্ড হলেও সার্টিফিকেট কিনতে আসা নারীকে ছেড়ে দেয়া হয়েছে। পরে জরিমানার ৫ হাজার টাকা আদায় করে জুয়েলের ব্যবহৃত কম্পিউটারটি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান জানান, ভুয়া সনদপত্র ও কম্পিউটারটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে কম্পিউটারটি ফরমেট করে তাকে ফেরত দেয়া হবে। এছাড়াও এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সকল কম্পিউটার অপারেটরদের সর্তক করা হয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমআরএম