কয়েক বছরের চেয়ে এবার ঈদের নাটক মানসম্মত বেশি ছিল’

মাবরুর রশীদ বান্নাহ। দেশের জনপ্রিয় একজন নাট্য নির্মাতা। পাশাপাশি নিজের নাটকের জন্য গল্পও লেখেন তিনি।

এবার ঈদে তার অনেকগুলো নাটক প্রচার হয়েছে। সেগুলোর মধ্যে কয়েকটি বেশ আলোচনাও তৈরি করেছে। সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি ঈদের নাটকের ব্যস্ততা শেষে সবাই আবার শুটিংয়ে ফিরেছেন। আপনার এখনকার ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই—

আমার ঈদের ব্যস্ততা ঈদের পর প্রায় ৭ দিন পর্যন্ত ছিল। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে ব্যস্ততা বেশি থাকে। এখন আপাতত আমি কোনো ব্যস্ততার মধ্যে নেই। আসলে এত প্রেশারের পর লম্বা একটা বিরতি না থাকলে নতুন করে কাজের স্পৃহা আসে না। তাই এখন পুরোপুরি ছুটিতে আছি।

 

ঈদে আপনার অনেকগুলো নাটক প্রচার হয়েছে। দর্শকদের প্রতিক্রিয়ার জায়গাটা কেমন ছিল?

প্রতিক্রিয়া তো সবসময় মিশ্র থাকে। তবে দর্শকদের ভালোবাসাটা অনেক ছিল। কয়েকটি কাজ দেখে অনেক সিনিয়র আমাকে ফোন দিয়েছেন। যেমন এবার ‘আশ্রয়’ নাটকটি দেখেই অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন কাজটি ভালো হয়েছে। এগুলো অনেক বড় পাওয়া।

 

সাধারণত একটি নাটক বেশ জনপ্রিয়তা পেলে তার সিক্যুয়াল দেখা যায়। আপনার ‘আশ্রয়’ নাটকটির কোনো সিক্যুয়াল দর্শক পাবে কি-না?

এমন কোনো সম্ভাবনা নেই। কারণ এটি বাস্তব একটি গল্প থেকে নির্মাণ করা। তাই এখানে সিক্যুয়াল নিয়ে কোনো পরিকল্পনা নেই।

 

নাটকের মান নিয়ে সমালোচনা এখন নিয়মিত একটি বিষয়। দর্শক থেকে শুরু করে অনেক সিনিয়রও এই অভিযোগ করছেন। এই সময়ের একজন নির্মাতা হিসেবে আপনার মন্তব্য কী?

ভালো-মন্দ মিলিয়েই তো আসলে সবকিছু হয়। একজন নির্মাতা হিসেবে যেটুকু দায় আমার ওপর রয়েছে, আমি চেষ্টা করি সেটুকু ঠিক রাখতে। এজন্যই হয়তো নিয়মিত কাজ করতে পারছি। তবে গত কয়েক বছরের চেয়ে এবার ঈদের নাটক মানসম্মত বেশি ছিল। এটুকু বলতে পারি।

 

সিনেমা নির্মাণে আপনি কবে আসবেন? এমন প্রশ্ন হয়তো অনেকবার শোনা হয়েছে। এই প্রশ্নের শেষ কবে হবে?

শিগগিরই শেষ হবে। কারণ সিনেমা নিয়ে আমার পরিকল্পনা রয়েছে। আর একটা কথা হয়তো আমিও অনেকবার বলেছি যে, আমি সিনেমা নির্মাণ করতে এসে নাটক নির্মাণ করছি। সিনেমা আমার মূল টার্গেট। সেটির কাজ চলছে। এখনই কোনোকিছু বলতে চাই না। সময় হলে সবাইকে জানাবো।