নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রামে ২০ থেকে ২৫টি বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে আবাদি জমির ফসল নষ্ট করেছে। গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত বন্য হাতির দল ভারত ও বাংলাদেশের পানিহাটা (জিরো পয়েন্ট এলাকা) জঙ্গলের আশপাশে অবস্থান করছিল বলে জানা গেছে।
গত বুধবার রাতে ২০ থেকে ২৫টি বন্য হাতি দল বেঁধে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। এসময় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকার ফেকামারী গ্রামের জহুর উদ্দিনের ১০ কাঠা, শাহজহান মিয়ার ১০ কাঠা, লাল মিয়ার ১২ কাঠা ও আতিকুল ইসলামের ১ একর জমির আমন ধান বন্য হাতির দল মাড়িয়ে নষ্ট করে। সকাল হওয়ার আগেই তাণ্ডব শেষ করে হাতির দল ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় চলে যায়। সীমান্তবর্তী ফেকামারী গ্রামের জহুর উদ্দিন বলেন, ‘রাতে ২০ থেকে ২৫টা হাতির দল আমাদের গ্রামে হানা দেয়। এসময় প্রায় তিন একর জমির আমন ধান পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে ফেলে। আবারও রাতে হাতির দল হানা দিতে পারে বলে আমরা আতঙ্কে আছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। সীমান্তবর্তী হাতি তাড়াতে লোকজনকে মশাল জ্বালাতে প্রশাসনের সহযোগিতায় কেরোসিন তেল কেনার ব্যবস্থা করা হবে।’