পিরোজপুর অফিস
নারী ও শিশু সুরক্ষা সেল নামে পিরোজপুর জেলা পুলিশ নতুন সেবার কার্যক্রম শুরু করেছে। গত বৃহস্পতিবার পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সঙ্গে পুলিশ সুপার ও অন্য পুলিশ কর্মকর্তাগণ এক মতবিনিময় সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলায় এ কার্যক্রমের সূচনা করেন। নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বিষয়ক এ মতবিনিময় সভায় আলোচকগণ এ সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় পারিবারিক নির্যাতনের শিকার নারী ও শিশুদের আইনী সহায়তা প্রদান, নির্যাতিত নারী ও শিশুদের পারিবারিক সমস্যার সমাধান করা, ভিকটিমকে সাপোর্ট সেন্টারে প্রেরণে সাহায্য করা, ভিকটিমের মানসিক শক্তি অর্জনে কাউন্সিলিং, ইভটিজিং, সামাজিক গুজব ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, যৌতুকের বিরুদ্ধে প্রচারণা, বাল্যবিবাহ, মাদক, যৌতুকসহ সামাজিক অপরাধের কুফল সম্পর্কে অবহিত করা, হারিয়ে যাওয়া নারী-শিশুকে অভিভাবকের কাছে পাঠানো, আইনের সংঘাতে জড়িত শিশুকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে সেল থেকে সেবা প্রদানের বিষয়েও ছাত্রীদের ধারণা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সদর থানার ওসি এস এম জিয়াউল হক, সহকারী শিক্ষক রিতা রানী বল, নারী ও শিশু সুরক্ষা সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদা আক্তার, শিক্ষার্থী হূদিকা হাসান শ্রেয়া, ডি কে দিব্যমনি, আশরাফি মিথুয়া প্রমুখ। সভায় পুলিশ সুপার বলেন, এ কর্মসূচি পিরোজপুর জেলায় সূচনা হলো। যা পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমান্বয় সম্প্রসারণ করা হবে। ০১৭৯৪৪৪৯৬৪৬ মোবাইল নম্বরে ফোন করে জেলার নারী ও শিশু সুরক্ষা সেলের সেবা গ্রহণ করা যাবে। এছাড়া ৯৯৯ নম্বরে ফোন করে যে কোনো অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে তথ্য বা অভিযোগ দানকারীর পরিচয় গোপন রাখা হবে।