বান্দরবানে পার্বত্যমন্ত্রী
বান্দরবান প্রতিনিধি
পাহাড়ে চাঁদাবাজির কারণে বাধাগ্রস্ত হচ্ছে সরকারি উন্নয়নকাজ। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সন্ত্রাসী গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন কাজ চলমান রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। গতকাল শুক্রবার বান্দরবানের রুমায় উন্নয়ন কাজের উদ্বোধনকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেছেন। অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী আরো বলেন, পার্বত্যাঞ্চলে প্রায় নয় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। পার্বত্যবাসীর ভাগ্য উন্নয়নে আরো অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন কমিটির সদস্য হারুনুর রশিদ, রুমা সেনা জোনের মেজর মো. জুবায়ের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, রুমা উপজেলা নির্বাহী অফিসার শামসুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী এবিএম ইয়াছির আরাফাত, রুমা উপজেলার চেয়ারম্যান উহ্লা চিং মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাসসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন কাজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট ভবনের নির্মাণকাজ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে রুমা উপজেলায় ৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চারটি কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ জন নারীকে বিনামূল্যে ৫০টি গাভি বিতরণ করা হয়েছে।