সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ার থানা পুলিশ গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।
জানা যায়, ৩০ আগস্ট রাত ১টার সময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যার নেতৃত্বে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ সফিউল কবীর থানার অফিসার ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো— সাতকানিয়া সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮), চরতী ইউনিয়নের দ্বীপ চরতী এলাকার কোরবান আলীর ছেলে শাহাদত হোসেন (২১) ও আহমদ কবিরের ছেলে রুকন উদ্দিন (২৪) এবং আমিলাইষ ইউনিয়নের মো. জাফরের ছেলে উবাইদুল হক (২০)। এসময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ সফিউল কবীর চার হাজার পিস ইয়াবা ও ইয়াবা বহনের কাজে ব্যবহূত একটি মোটর সাইকেলসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতারের কথা স্বীকার করে ইত্তেফাককে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদব্য আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
সাতকানিয়ায় অস্ত্রসহ দুই
ডাকাত গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গত ৩০ আগস্ট শুক্রবার রাত আড়াইটায় উপজেলার কেওচিয়া ইউনিয়নের কেরানীহাটস্থ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া সামিয়ার পাড়ার মো. মিজানুর রহমান (২৫) ও একই ইউনিয়নের মাইজ পাড়ার মো. রিমন (২২)। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বিষয়টি নিশ্চিত করেন।