একজনকে অর্থদণ্ড
বরিশাল অফিস
বরিশাল নগরীতে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়ায় একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে নগরীর অক্সফোর্ড মিশন রোডের মোড়ে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদ। এ সময় সেখানকার নির্মাণাধীন ভবনটিতে মশার লার্ভার সন্ধান পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে ভবন মালিককে না পাওয়া গেলেও সেখানে দায়িত্বরত ব্যক্তি আব্দুল কাদেরকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন অফিসার এবং বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, নগরীর জর্ডন রোড, বান্দ রোডসহ মোট সাত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে অক্সফোর্ড মিশন রোডের নির্মাণাধীন একটি ভবনে মশার লার্ভা পাওয়ায় এই জরিমানা করা হয়েছে।