ঝিনাইদহে জুট মিল শ্রমিকের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের বিসিক শিল্প নগরীতে জামান জুট মিলে মেশিন পরিষ্কার করার সময় হাত কাটা পড়ে হিলু মন্ডল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আফজাল মন্ডলের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালের শিফটে কাজে এসে হিলু মন্ডল মেশিন পরিষ্কার করছিলেন। এসময় তার ডান হাত মেশিনে কাটা পড়ে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন মিলের ম্যানেজার মনিরুজ্জামান।