ড্র হলো এমার্জিং দলের ম্যাচ
স্পোর্টস রিপোর্টার
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন গতকাল। তার আগে খুলনায় অনুষ্ঠিত শ্রীলঙ্কা এমার্জিং দলের বিপক্ষে নিজেকে আরেকবার প্রমাণ করে ফেলেছেন স্পিনার নাঈম হাসান।
শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট করার পথে নাঈম ৯৩ রানে তুলে নেন ৭ উইকেট। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখালে ম্যাচ আর ফলাফলের দিকে যেতে পারেনি। ড্রতে শেষ হয়েছে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ। ৩ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।
নাজমুল হাসান শান্তর ১৩৩ রানে ভর করে বাংলাদেশ এমার্জিং দল প্রথম ইনিংসে ৩৬০ রান করেছিল। জবাবে আগের দিন পর্যন্ত ছয় উইকেটে ১৯০ রান করেছিল শ্রীলঙ্কা এমার্জিং দল। তার মধ্যে চার উইকেট নিয়েছিলেন নাঈম। গতকাল তুলে নেন তিনি আরো তিন উইকেট।
গতকাল সকালে ব্যাট করতে নেমে ৫৪ রান তুলতে বাকি চার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এর মধ্যে শফিকুল ইসলাম একটি উইকেট নেন। বাকি তিনটি উইকেট নিয়ে মোট সাত উইকেট শিকার সম্পন্ন করেন নাঈম।
শ্রীলঙ্কা শুরুতেই হারায় চামিকা করুনারত্নেকে। অফ স্পিনার নাঈমের বলে বোল্ড হয়ে যান এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। এরপর কালানা পেরেরা ও নিশান পেইরিসের উইকেটও তুলে নেন নাঈম। এক প্রান্ত আগলে রেখে দলকে টানা আশেন বান্দারাকে ফিরিয়ে লঙ্কানদের ২৫০-এর আগে গুটিয়ে দেন শফিকুল ইসলাম।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৬৩ রানেই হারিয়ে ফেলেছিল তারা চার উইকেট। দ্রুত ফিরে আসেন মোহাম্মদ নাঈম, ইয়াসির আলী, আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত। এখান থেকে হাল ধরেন সাইফ হাসান। এই ওপেনার এক প্রান্তে লড়াই চালিয়ে গেছেন।
সাইফ ১১৩ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনিই মূলত ম্যাচটাকে ড্রয়ের দিকে নিয়ে যান।