ওসাকার জয়, হালেপের বিদায়
স্পোর্টস ডেস্ক
শিরোপার স্বপ্ন নিয়ে ইউএস ওপেনে আসা নাওমি ওসাকা প্রত্যাশিত জয় পেয়েছেন। র্যাংকিংয়ের ৫৩ নম্বর খেলোয়াড়, পোল্যান্ডের মাগদা লিনেটের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে অপ্রতিরোধ্যই ছিলেন ওসাকা। জয় তুলে নেন ৬-২, ৬-৪ গেমে।
ম্যাচ শেষে ওসাকা ছিলেন উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘তিন সেট খেলতেই হলো না। সত্যি এটা একটা ভালো লাগার অনুভূতি। এখন কেবল ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে।
আজ শনিবার তৃতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা ওসাকার প্রতিপক্ষ কোকো গফ। সেই কোকো গফ অবশ্য বৃহস্পতিবার রাতেই অভিনব এক কীর্তি গড়ে ফেলেছেন। দ্বিতীয় রাউন্ডে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রের এই কিশোরী হাঙ্গেরির ২৬ বছর বয়সি তারকা তিমিয়া বাবোসকে উড়িয়ে দিয়েছেন।
বাবোসকে তিনি হারান ৬-২, ৪-৬ ও ৬-৪ গেমে। বাবোস হলেন ১১২তম বাছাই আর গফ হলেন ১৪০ তম বাছাই। ফলে মাত্র ১৫ বছরে এই জয় তার জন্য বড়ো একটা অর্জন।
১৯৯৬ সালের পর ইউএস ওপেনে সবচেয়ে কম বয়সে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন গফ। এবারই প্রথমবারের মতো তিনি ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন। এই অর্জনটাও তার জন্য বিশাল ব্যাপার। এই ম্যাচের আগে গফ টেনিসের গ্র্যান্ড স্লামে খেলেছিলেন মাত্র পাঁচটি ম্যাচ। গেল উইম্বলডনেই তিনি প্রথম চমকে দিয়েছিলেন। সেবার মাত্র ১৪ বছর বয়সে খেলতে নেমেই পৌঁছে গিয়েছিলেন চতুর্থ রাউন্ডে। রাতারাতি তারকা বনে যান।
এবার সামনে ওসাকা বলেই তৃতীয় রাউন্ডে তার লড়াইটা কোনোভাবেই সহজ হবে না। গফ অবশ্য সেসব নিয়ে ভাবছেন না; বরং তিনি এই সাফল্যে বুঁদ হয়ে আছেন, ‘এই জয় আমার জন্য বিশাল ব্যাপার। এটা বড়ো একটা যাত্রা ছিল আমার জন্য। এ বছর আগে বেশ কয়েকটা হাড্ডাহাড্ডি ম্যাচ খেলেছি। তাতে আমি আরো অভিজ্ঞ হয়েছি। ভবিষ্যতে এই অভিজ্ঞতা আরো বাড়বে।’
যদিও গফের ইতিহাস গড়ার রাতে অঘটনের শিকার হয়েছেন চতুর্থ বাছাই সিমোনে হালেপ। দ্বিতীয় রাউন্ডে তিনি হেরে গেছেন ১১৬তম বাছাই টেইলর টাউন্সেন্ডের কাছে।
উইম্বলডন বিজয়ী হালেপের শুরুটা অবশ্য দারুণ ছিল। ২৩ বছর বয়সি টাউন্সেন্ডে প্রথম সেটে হালেপের কাছে পাত্তাই পাচ্ছিলেন না। তবে এই ভালো সূচনাটা ধরে রাখতে পারেননি হালেপ। তিনি ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে।
ষষ্ঠ বাছাই চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভাও হেরে গেছেন। তাকে বিদায় করে দিয়েছেন জার্মানির আন্দেয়া পেতকোভিচ। ৮৮ নম্বর পেতকোভিচের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন কেভিতোভা। দুবারের উইম্বলডন বিজয়ীর জন্য এটা অঘটনই বটে।