পরকীয়ার বলি স্ত্রী স্বামী আটক

ইত্তেফাক রিপোর্ট

বাংলামোটর এলাকায় স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত ঐ নারীর নাম সাবিকুন নাহার। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে স্বামী মাসুদ কাজীকে আটক করেছে পুলিশ। মাসুদ একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক।

সাবিকুন নাহারের মামাতো ভাই ইয়ামিন শেখ জানান, নাহারদের দশ বছরের সংসার। তারা নিজেদের পছন্দেই বিয়ে করেছিলেন। তাদের সংসারে ছয় বছর বয়সি একটি ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে। মাসুদ সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং দ্বিতীয় বিয়ের জন্য নাহারের কাছে অনুমতি চান। এতে নাহার সম্মতি না দেওয়া তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

তিনি আরো জানান, গত মঙ্গলবার রাতে নাহার ও মাসুদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নাহারকে মারধর করেন মাসুদ। প্রতিবেশীরা ঠেকাতে গেলেও মাসুদ উলটা চড়াও হন। ঐ মারধরে নাহার আহত হলে ঐ দিন মধ্যরাতে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার দুপুরে নাহারকে বাসায় রেখে তার চিকিত্সা চলছিল। গতকাল তার অবস্থার অবনতি হলে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। নাহারের পরিবারের পক্ষ থেকে মাসুদের বিরুদ্ধে মামলা করা হবে বলে ইয়ামিন জানান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, স্বামীর মারধরের একপর্যায়ে স্ত্রীর মৃত্যু হয়। ঘটনার পরপরই মাসুদকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।