মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডালিন ওয়েস্টারাইট পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, মেডালিনকে পদত্যাগে বাধা করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করে আসছেন মেডালিন ওয়েস্টারাইট। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নিউজার্সিতে অবসর সময় কাটাতে যান। সেখানেই নাম না প্রকাশের শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়েস্টারহাট। তিনি সেখানে ট্রাম্পের পরিবার ও অন্য সদস্যদের নিয়ে কিছু তথ্য প্রকাশ করেন। ট্রাম্প তা জানার পরই তাকে পদত্যাগ করতে বলেন। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও পলিটিকো। তবে সিএনএন জানায়, ওয়েস্টারহাড সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাম প্রকাশ না করার ব্যাপারটি ভুলে যাওয়ার কারণেই তাকে পদত্যাগ করতে হলো। কেননা এক সাংবাদিক হোয়াইট হাউসকে তার নাম বলেছিলেন। হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মেডালিন ওয়েস্টারাইটের খুবই ঘনিষ্ট সম্পর্ক ছিল। তবে ট্রাম্পের কাছে পরিবার খুবই স্পর্শকাতর একটি বিষয়। মেডালিনের কার্যালয় ঠিক প্রেসিডেন্ট ট্রাম্পের ওভাল অফিসের সামনেই অবস্থিত ছিল। তাকে মার্কিন মিডিয়া ট্রাম্পের ‘দ্বাররক্ষী’ বলে অভিহিত করে আসছিল। নিউইয়র্ক টাইমস বলছে, ওয়েস্টারাইট এখন হোয়াইট হাউসের একজন বিচ্ছিন্ন কর্মী এবং তাকে হোয়াইট হাউসে আর প্রবেশের অনুমতি দেওয়া হবে না।