সিলেটের মাটিতে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ফলন পাওয়া যাচ্ছে প্রতি হেক্টরে ৭ দশমিক ৫৪ মেট্রিক টন। তাই এটি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এখানে ফসল হিসেবে ভুট্টা নতুন। তবে প্রধান সমস্যা এই ফলনটির এখনো বাজার সৃষ্টি হয়নি। কৃষি কর্মকর্তারা জানান, সিলেটে ভুট্টা উত্পাদনের হার রাজশাহী সহ উত্তরবঙ্গের প্রায় সমান। ‘তবে স্থানীয় ভাবে ভূট্টার বাজার তৈরী হলে উত্পাদন আরো বাড়বে,’ এই মন্তব্য করে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন মেম্বার মো. আব্দুল কাশেম বলেন, ‘আমরা ভূট্টা চাষ করতে চাই।’ কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের নতুন ফসল বাজারজাতকরণে তারা সহযোগিতা করে যাচ্ছেন।
সম্প্রতি সিলেট অঞ্চলের কৃষিকর্মকর্তাদের সাথে সিলেট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুট্টা চাষের উপর গুরুত্বারোপ করে বলেন, এই ফসলের চাষ বাড়াতে হবে। এর প্রচুর চাহিদা দেশের পোল্ট্রি শিল্পে। তিনি বলেন, বর্তমানে দেশে ভূট্টার চাহিদা ৬০ লাখ মেট্রিক টন। কিন্তু উত্পাদন হয় ৪৫ লাখ মেট্রিক টন। ১৫ লাখ টন আমদানি করতে হয়। আর ভুট্টা আমদানি করতে চাইনা।
কৃষিকর্মকর্তারা জানান, ভুট্টার ব্যবহার অনেক রকমের। এর পাতা উত্কৃষ্ট গো-খাদ্য। ভুট্টার ফলন ওঠার পর গাছ জ্বালানি হিসেবে ব্যবহূত হয়। এটি দানাদার গো খাদ্য, পোল্ট্রি ফিড, মত্স্য ফিডসহ পশু পাখির সকল খাবার তৈরিতেই ব্যবহার হয়। অপরদিকে, মানুষের খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার হয় ব্যাপক হারে। শিশু খাদ্য থেকে শুরু করে রোগীর পথ্য তৈরিতেও ভুট্টার ব্যবহার রয়েছে।
সিলেট কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর সিলেট বিভাগের ৭২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে সিলেটে ২৬৫ হেক্টর, মৌলভীবাজার ৮৫ হেক্টর, হবিগঞ্জে ১শ হেক্টর এবং সুনামগঞ্জে ২৭৫ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে। এ পরিমাণ জমিতে ভূট্টা চাষে সিলেটের চার জেলায় মোট উত্পাদন পাওয়া গেছে ৫ হাজার ৫৬৭ মেট্রিক টন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে ভুট্টা অন্যতম। এটি ৫ মাসে অর্থাত্ ১৫০ দিনে ফলন ঘরে তোলা যায়। সিলেট অঞ্চলে নতুন বা বিকল্প ফসল হিসেবে ভুট্টার উত্পাদন আশাব্যাঞ্জক। এটি চাষে সুবিধা অনেক। পতিত জমিতে চাষ করা যায়। ধানের মত এতো ঝুঁকিপূর্ণ নয়। উত্পাদনও ভালো।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তর জানায়, সিলেটের মাটি ভুট্টা চাষের উপযোগী তা প্রমাণিত হয়েছে। এটি চাষে প্রধান সুবিধা হচ্ছে পানি কম লাগে। বৃষ্টি কম হলেও চাষে অসুবিধা হয় না। বিশ্বের অনেক দেশেই ভুট্টা প্রধান ফসল ও প্রধান খাদ্য। সিলেটেও ভুট্টার সুদিন অপেক্ষা করছে বলে স্থানীয়রা আশা করছেন।