বঙ্গবন্ধুর আদর্শ নিজের মাঝে ধারণ করে তার অনুসারী হতে হবে --------- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, শুধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর অনুসারী হলে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ ও কর্ম নিজের মাঝে ধারণ করেই বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারী হতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করেই আমরা তার রক্তের ঋণ পরিশোধ করব। তিনি বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালি জাতি-এ তিনটি নাম অভিন্ন। বঙ্গবন্ধুর নেতৃত্ব শুধু বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন বিশ্ব নেতৃত্বের কাতারে। তিনি অত্যন্ত উঁচুমানের নেতা ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। শোষক ও শোষিত। তিনি ছিলেন শোষিত মানুষের পক্ষে।

মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ জেরিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপন, আব্দুল হাদী শামীম, সিরাজুল ইসলাম চৌধুরী, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আ. হালিম সরকার, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ।

অগ্নিকাণ্ডে ঝুটগুদাম

বসতঘর পুড়ে ছাই

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে দুইটি ঝুটগুদাম ও একটি বাড়ির তিনটি ঘর পুড়ে গেছে। শুক্রবার দুপুরে কোনাবাড়ির আমবাগ এলাকায় ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।