স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরাজিত শক্তি বাংলাদেশকে অকার্যকর করতে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে পাকিস্তানিদের সঙ্গে আঁতাঁত করতে ১৫ আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজ বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেছেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার রাতে কাওরান বাজারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শোষিত মানুষের কল্যাণে ও স্বাধীনতার জন্য তার জীবদ্দশায় ৩ হাজার ৫৩ দিন কারাভোগ করেন। বঙ্গমাতা ফজিলাতুন নেছার অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গমাতার দৃঢ়তা সম্পর্কে অনেকেই জানেন না। মুক্তিযুদ্ধের আগে ১১ দফা আন্দোলনের সময় পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিয়ে আলোচনায় বসার সুযোগ দেয়। তখন বঙ্গমাতা শ্রেফ জানিয়ে দেন প্যারোলে মুক্তি নয়, মামলা থেকে মুক্তি দিলে বঙ্গবন্ধু আলোচনায় বসবেন। এ ঘোষণার পর আন্দোলন আরো তীব্র হয়। পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।
দেওয়ান আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম জাহান, জহিরুল হক জিল্লু, মোতাহার হোসেন, সাইদুর রহমান বাবু, আব্দুল কাদের, দুলাল খান, মিজানুর রহমান, সাব্বির আলম লিটু, মুক্তার হোসেন, ইঞ্জিনিয়ার এম জাহান, আবু সাদেক, নজরুল ইসলাম, খন্দকার আলমগীর, লোকমান হোসেন, আবুল কাশেম, লিটন, ওমর ফারুক, আলী আকবর আসলাম, রনি, তপন, গাজী মোস্তফা, মোশারফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।