টেস্ট খেলতে আফগান ক্রিকেট দল চট্টগ্রামে পৌঁছেছে

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আফগান জাতীয় ক্রিকেট দল বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল শুক্রবার দুবাই হতে ঢাকা হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে সকালে নেমে কানেকটিং ফ্লাইটে চট্টগ্রাম হযরত শাহ আমানত বিমান বন্দরে পৌঁছায় আফগান বাহিনী। বিমান বন্দর থেকে এয়ারকন্ডিশন বাসযোগে দলের ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় হোটেল রেডিসন ব্লু’তে। কড়া নিরাপত্তার মধ্যে রশিদ খান, নবীরা প্রবেশ করেন হোটেলে।

চট্টগ্রামের সাগরিকাস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলা শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশ জাতীয় দলের সাথে ত্রিদেশীয় টি-২০ ম্যাচ খেলবে সফরকারীরা। গতকাল সফরকারীদের জন্য কোন প্র্যাকটিস শিডিউল ছিল না। সকলেই ছিলেন বিশ্রামে। আজ শনিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে আফগান ক্রিকেটারেরা। একদিনের অনুশীলন শেষে আগামীকাল ১ এবং ২ সেপ্টেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে আফগানরা। এরপর দু’দিনের বিশ্রাম এবং অনুশীলন। ১০ সেপ্টেম্বর আফগান ও বাংলাদেশ ক্রিকেট দল ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে। টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ বিকালে ঢাকা ছাড়বে।