রাজশাহী মহানগরীতে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আখতারুজ্জামান প্যারিসের ভাতিজাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার বিকেলে আসমিদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলো, নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর শালবাগান এলাকার বাবুর ছেলে মাহাবি (২২), নগরীর শাহ্ মখদুম থানার বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকার মহসিনের ছেলে রাজু আহমেদ নয়ন (২৩) ও নগরীর বোয়ালিয়া থানার ফুদকিপাড়া এলাকার মৃত সাইদুজ্জামানের ছেলে, পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আখতারুজ্জামান প্যারিসের ভাতিজা তৌফিক জামান সরন (২২)।
আরও পড়ুন: ঘোড়া জবাই করে মাংস বিক্রি, ৩ জনের জেল-জরিমানা
পবা থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, গত ১৯ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে পবা থানার বাগসারা এলাকায় রাস্তা দিয়ে রোমান হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী মাহাবি, সরন ও নয়ন পেছন থেকে তাকে চড় দিয়ে মোবাইল কেড়ে নিয়ে তানোর রোডের দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় রোমান পবা থানায় ছিনতাই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ইত্তেফাক/কেকে