একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, খুলনাবাসীর উন্নয়ন এবং বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী করেছেন।
দক্ষিণাঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হয়েছে। এই বন্দরকে উন্নত বন্দর হিসাবে গড়ে তোলার জন্য পদ্মা সেতু নির্মিত হচ্ছে। পদ্মা সেতু চালু হলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে তরুণ সমাজের বেকার সমস্যা দূর হবে।
আরো পড়ুন: শরণখোলায় নৌকার পক্ষে ৪৫০ মুক্তিযোদ্ধার একাত্মতা ঘোষণা
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, জামাল উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, শফিকুর রহমান পলাশ, শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ