সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিশংসভাবে হত্যা করার পর স্বাধীনতাবিরোধীরা সত্যকে অস্বীকার করে মানুষকে বিপথগামী করে স্বাধীনতার সঠিক ইতিহাসকে ভূলুণ্ঠিত করতে চেয়েও ব্যর্থ হয়েছে।’
মন্ত্রী শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের মাগফেরাত কামনায় ৬০ হাজার ৭৫ বার পবিত্র কোরান খতমের আখেরি মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরাই বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা ছিল কাপুরুষ।
তিনি বলেন, জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক তা পূরণ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যেখানেই তার হাতের স্পর্শ রেখেছেন সেখানেই সোনা ফলছে। তিনি মানুষের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।
পরে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
ইত্তেফাক/এমআই