ভারতের আসামে প্রকাশিত হয়েছে এনআরসি'র চূড়ান্ত তালিকা। এতে বাদ পড়েছে ১৯ লক্ষের বেশি মানুষের নাম। এনিয়ে দেশটিতে শোরগোল শুরু হয়েছে। তবে জানা গেছে, এরমধ্যেই এনআরসি এবং নাগরিকত্ব বিলের সমর্থনে প্রচার শুরু করবে বিজেপি। এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের দুই সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসু। রাজ্য বিজেপি'র পক্ষ থেকে এই তথ্য পাওয়া গেছে।
জানা গিয়েছে, বিজেপি এনআরসি– এর ব্যাপারে ‘হোমওয়ার্ক’ শুরু করে দিয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ি বাড়ি বই বিলি করে বিজেপি বোঝাতে চাইছে, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্থান থেকে আসা মুসলমানরা যেমন বেআইনি অনুপ্রবেশকারী, অন্যদিকে ওই দুই দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্শি, শিখ বা খ্রীস্টানদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা হলেন স্মরণার্থী।
ভারতের বিজেপি সরকার, প্রতিবেশি দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় দেবে বলে জানা গেছে। তবে মুসলমান অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুরা স্বাগত, অনুপ্রবেশকারী মুসলিমদের ঠাঁই নেই: বিজেপি নেতা
ভারতের আসামে গতকাল নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার পর এ তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ পড়েছেন।
ইত্তেফাক/এসআর