বাবার জন্য হনুমার সেঞ্চুরি

ভারতের ঘরোয়া ক্রিকেটের অসাধারণ এক আবিষ্কার মনে করা হয় হনুমা বিহারিকে। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। জ্যামাইকায় এই সেঞ্চুরি করার পর আবেগাপ্লুত হয়ে গেছেন ভারতীয় এই ব্যাটসম্যান। বলেছেন, এই সেঞ্চুরি তিনি বাবার জন্য উত্সর্গ করেছেন। মাত্র ১২ বছর বয়সে বাবাকে হারানো হনুমা বলছিলেন, ‘আমি ১২ বছর বয়সে বাবাকে হারিয়েছি। তখনই আমি ঠিক করেছিলাম, আমার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটা আমি বাবাকে উত্সর্গ করব। তাই করছি। আজ নিশ্চয়ই বাবা আমার জন্য গর্ববোধ করছেন।’ হনুমার সেঞ্চুরির সঙ্গে বোলার ইশান্ত শর্মার এক অপ্রত্যাশিত ফিফটি জ্যামাইকা টেস্টে ভারতকে বড়ো সংগ্রহ এনে দিয়েছে।