পাকিস্তানের কোচ নিয়োগ
স্পোর্টস রিপোর্টার
এবার সবকিছু ঠিকঠাক থাকলে নিজের সাবেক শিষ্যের অধীনেই কাজ করতে চলেছেন ওয়াকার ইউনুস। আগামী সপ্তাহেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করবে। আর সেই কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মিসবাহ উল হক। আর বোলিং কোচ হওয়ার লড়াইয়ে সবার আগে আছেন ওয়াকার ইউনুস।
ওয়াকার ২০১০ সালে সর্বপ্রথম পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৪ সালে আবারও তাকে একই দায়িত্ব দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার আসার আগে ওয়াকার ইউনুস ২০১৬ পর্যন্ত পাকিস্তান দলের কোচ ছিলেন। ঐ সময়টাতে পাকিস্তানের টেস্ট অধিনায়ক ছিলেন এই মিসবাহ উল হক। সেই হিসেবে মিসবাহ হলেন ওয়াকারের পুরোনো শিষ্য।
এদিকে, প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেতে পারেন মহসিন খান। পিসিবির একটি সূত্র জানিয়েছে, পাঁচ সদস্যের প্যানেল ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাত্কার শেষ করেছেন। তিনি বলেন, ‘এখন কেবলমাত্র কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করে বোর্ডের কাছে পাঠাবে এবং প্রধান কোচ হিসেবে মিসবাহ ও বোলিং কোচ হিসেবে ওয়াকার ফেবারিট।’
মিসবাহর সঙ্গে কোচ হওয়ার চেষ্টায় হাড্ডাহাড্ডি লড়াই হবে ডিন জোন্সের। ৫৮ বছর বয়সি জোন্সের উপমহাদেশীয় কন্ডিশনে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে। ২০১৭ সালের অক্টোবরে তিনি আফগানিস্তানের কোচ হিসেবে অল্প কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচিংয়ে আছেন। দলটিকে দুইবার শিরোপাও জিতিয়েছেন তিনি।
ঐ সূত্র জানিয়েছে, সাবেক অধিনায়ক ইন্তিখাব আলমের নেতৃত্বাধীন কমিটি ইতিমধ্যেই সব প্রার্থীর সাক্ষাত্কার শেষ করেছে। তিনি আরো বলেন, ‘ইতিপূর্বে প্রধান নির্বাচক ও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা মহসিন প্যানেলের সামনে সাক্ষাত্কার দিয়েছেন। যা থেকে মনে হচ্ছে আগামী সপ্তাহে তাকে বড়ো কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।’
বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে প্রধান কোচ মিকি আর্থার, বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার গ্র্যান্ট লুডেনের চুক্তির মেয়াদ আর বাড়ায়নি পিসিবি। ওয়াকার ইউনুসের বিদায়ের পর ২০১৬ সালের মে মাসে মিকি আর্থারকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল পিসিবি। এরও দুই বছর আগে থেকেই দলের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। কোচিং প্যানেলে আজহার মেহমুদের অন্তর্ভুক্তি হয় ২০১৬ সালের নভেম্বরে।
আর্থারের অধীনে পাকিস্তান ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন। তার অধীনেই টি-টোয়েন্টি ও টেস্টের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল দলটি। যদিও, সর্বশেষ বিশ্বকাপে সেই সাফল্যের ধারাবাহিকতা আর্থাররা ধরে রাখতে পারেননি। পাকিস্তান গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে হারায়। রান রেটে এগিয়ে থেকে পাকিস্তানকে টপকে সেমিফাইনালে চলে যায় নিউজিল্যান্ড।