ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর পল্লবীতে বাসচাপায় আহত সাব্বির (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার ভোরে তার মৃত্যু হয়। সে পল্লবীর নাহার একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এর আগে শনিবার বিকালে পল্লবীর চার রাস্তার মোড়ে প্রজাপতি পরিবহনের একটি বাসচাপায় সাব্বির আহত হয়। ঘটনার পর পুলিশ বাসটিকে জব্দ ও চালককে গ্রেফতার করে। সাব্বিরের মামা সুমন নাকিব জানান, শনিবার বিকালে স্কুল থেকে বাসায় ফেরার পথে প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী বাসটি সাব্বিরকে চাপা দেয়। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। বাবা-মায়ের সঙ্গে পল্লবী এলাকায় থাকতো সে। এক ভাই, এক বোনের মধ্যে সাব্বির বড়ো।