ইত্তেফাক রিপোর্ট
এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর ইন্টারপোল এবং পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ দিনব্যাপী ‘ইন্টারপোল পুলিশিং ক্যাপাবিলিটিস প্রোগ্রাম ফর এশিয়া অ্যান্ড সাউথ প্যাসিফিক’ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে বাংলাদেশে। গতকাল রবিবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এই কর্মশালা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহম্মদ মারুফ হাসান। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারপোল সিবিটি পরিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ম্যাগালিঙ্গম ভিমান। সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী। অনুষ্ঠানে ইন্টারপোলের বিদেশি প্রশিক্ষক, পুলিশ সদর দপ্তরের এআইজি (এনসিবি) কলেজের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্দেশ্য হচ্ছে—এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহুজাতিক অপরাধ মোকাবিলা, প্রচলিত পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উল্লেখিত অঞ্চলের কর্মকর্তাদের সহযোগিতা বৃদ্ধি এবং সর্বোত্তম পুলিশি সেবার অনুশীলন সম্পর্কে মতবিনিময়সহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা দেওয়া। কর্মশালায় ভারতের দুই জন, ভুটানের এক, মালদ্বীপের এক, পূর্ব তিমুরের দুই, শ্রীলঙ্কার এক, ফিলিপাইনের এক, উজবেকিস্তানের এক, ব্রুনাইয়ের দুই, জাপানের এক, নিউজিল্যান্ডের এক এবং বাংলাদেশের পাঁচ পুলিশ কর্মকর্তাসহ মোট ১৮ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এছাড়া জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, ফ্রান্স ও নিউজিল্যান্ড থেকে চার জন বিদেশি প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।