ঘুষ গ্রহণের মামলায় হাইকোর্টে জামিন আবেদন বাছিরের

ইত্তেফাক রিপোর্ট

ঘুষ লেনদেনের মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন দুদকের সাময়িক বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছির। নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুরের পর উচ্চ আদালতে এই আবেদন করা হলো। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের মামলায় গত ২৩ জুলাই বাছিরকে কারাগারে পাঠায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস। পুলিশের ডিআইজি মিজানুর রহমান দুদকের মামলার হাত থেকে নিজেকে বাঁচাতে এই ৪০ লাখ টাকা এনামুল বাছিরকে দিয়েছিলেন। এই ঘুষ লেনদেনের কথোপকথনের অডিও রেকর্ড পাওয়া যায়। পরে ফরেনসিক পরীক্ষায় ঐ অডিওর সত্যতা মিলে। এরপরই বাছিরকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ঘুষ প্রদানের বিষয়টি স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দেন ডিআইজি মিজান। তাকেও সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন। পরে ঘুষ লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।