তরুণদের ডিজিটাল ইশতেহার নিয়ে চালু হলো আমার ডট ভোট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নির্বাচন কমিশনের মতে, আগামী জাতীয় নির্বাচনে ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ১০ কোটি মানুষ ভোট দেবে বলে আশা করা হচ্ছে। এ বিপুল সংখ্যক ভোটারের মধ্যে প্রায় ২ কোটি তরুণ ভোটার রয়েছে যাদের বয়স ১৮ থেকে ২৮ এর মধ্যে। তরুণদের সুস্থ রাজনৈতিক প্রক্রিয়ার অংশগ্রহণ, ভোট দানে উত্সাহ প্রদান এবং সহিংসতামূলক কার্যক্রম থেকে তরুণদের দূরে রাখতে ‘আমার ডট ভোট’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্লাটফর্ম তৈরি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব।

                এ প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য হচ্ছে- এখানে ব্যবহারকারীরা নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং ব্যবহারকারীর কাছে যে বিষয়বস্তুগুলি অগ্রাধিকারপ্রাপ্ত সেগুলি এখানে যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা পরবর্তী সরকারের কাছে কি আশা করেন এবং কীভাবে তারা সুষ্ঠভাবে দেশ পরিচালনা করতে পারে সে বিষয়গুলিও ব্যবহারকারীরা এখানে উপস্থাপন করতে পারবেন। এভাবেই আমার ডট ভোট প্লাটফর্ম সাধারণ মানুষের বিশেষত তরুণদের ইচ্ছা এবং আকাঙ্কা প্রতিফলিত করবে।                     বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এভাবেই আমার.ভোট প্লাটফর্ম থেকে জনসাধারণের এবং তরুণদের মতামত জেনে তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহারে সেগুলো যোগ করতে পারবে। ইশতেহার হচ্ছে একটি বিবৃতি যা কোন ব্যক্তি বা দল, বিশেষত কোন রাজনৈতিক দল, বা কোন সরকার দ্বারা প্রকাশিত হয়, যা দ্বারা তারা তাদের লক্ষ্য এবং নীতি প্রকাশ করে। ভোটাররা রাজনৈতিক দলগুলোর ইশতেহার পাঠ করার মাধ্যমে সহজে নির্ধারন করতে পারে কোন রাজনৈতিক দলকে তারা ভোট দিবে অথবা দিতে চায়। আমার ডট ভোট প্লাটফর্মে আরও থাকবে ভোট দান প্রক্রিয়ার প্রাথমিক ধারণা। প্ল্যাটফর্মে নিয়মিত অগ্রহণযোগ্য মন্তব্য মুছে ফেলার জন্য এডিটর প্যানেল রয়েছে । প্ল্যাটফরমটি সম্পর্কে জানা যাবে  https://amar.vote ঠিকানায়।